Sabuj Bangla News বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ - Sabuj Bangla News

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ


নিউজ ডেস্ক জুন ১৪, ২০২৬, ৫:২১ অপরাহ্ন
বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মো. আসাদুল রহমান লালু, মো. আতাউর রহমান, মো. ফিরোজ ইসলাম ও মো. আজম আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধকে কেন্দ্র করে আদালতেও একটি মামলা চলমান রয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে। এ সময় গিয়াস উদ্দিন বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার বসতবাড়িতে প্রবেশ করে গোয়ালঘর ও খড়ির ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মো. আসাদুল রহমান লালু, মো. আতাউর রহমান, মো. ফিরোজ ইসলাম ও মো. আজম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, “তারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের জমি আবাদ করে আসছি।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।