
মোজাম্মেল হক, নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন— তারিনী বর্মন (৪০) ও তার স্ত্রী ইতি বর্মন (৩৫)। তারিনী বর্মন বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বীরগঞ্জ–পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমরপুর বটতলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী ইতি বর্মন।
আহত অবস্থায় ইতি বর্মনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা বিপুল বর্মন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, হাসপাতালে আনার সময় আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :