বীরগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন, সাধারণ মানুষের সেবায় নানা উদ্যোগ
নিউজ ডেস্ক
মে ১৯, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা ভূমি অফিস, বীরগঞ্জের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এ সময় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
মেলায় সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দ্রুত সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় প্রতিদিন বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :