Sabuj Bangla News আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা - Sabuj Bangla News

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা


নিউজ ডেস্ক অগাস্ট ৮, ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা

জলিল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

“আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন-সুস্থতা সুরক্ষায় তাদের অবদান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, তীর-ধনুক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং উপজেলা আদিবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চল, ইএসডিও ও ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (JSKS)-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও উপজেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক জোসেফ হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, জেলা জজ কোর্টের অ্যাডভোকেট রিচার্ড মূর্মু, নরেশ মুর্মু, সঞ্জিত কিসপট্রা, জেলা কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী এবং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামছুর নাহার, ভোগনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাব্বির হাসান রয়েল, ইউপি সদস্য আমির আলী, সমাজ উন্নয়ন সমিতির সাবেক সভাপতি শীতল মার্ডী, কোষাধ্যক্ষ জুলি মূর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আদিবাসীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব নৃত্য ও গান পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করায় অনুষ্ঠানস্থলে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্যব্যবহার্য সামগ্রী, গহনা, খাবারসহ বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন। পরে তিনি নারী-পুরুষদের অংশগ্রহণে তীর-ধনুক প্রতিযোগিতার উদ্বোধন করেন।