Sabuj Bangla News বীরগঞ্জে রেকর্ডীয় রাস্তা দখলের অভিযোগ, ঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি - Sabuj Bangla News

বীরগঞ্জে রেকর্ডীয় রাস্তা দখলের অভিযোগ, ঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি


নিউজ ডেস্ক জুলাই ১৯, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
বীরগঞ্জে রেকর্ডীয় রাস্তা দখলের অভিযোগ, ঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব দিঘলা পহুড়া গ্রামে রেকর্ডীয় চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী পূর্ব দিঘলা পহুড়া গ্রামের মৃত আসিম উদ্দীনের ছেলে মো. ফজলুর রহমান জানান, একই গ্রামের মৃত বজির উদ্দীনের পাঁচ ছেলে—মো. রাসেল ইসলাম, খাদেমুল ইসলাম, ফরহাদ ইসলাম, সামিউল ইসলাম ও সাদেকুল ইসলাম জোরপূর্বক রেকর্ডীয় চলাচলের রাস্তা দখল করে সেখানে ঘর নির্মাণ করছেন। এতে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার (১৯ জুলাই)বিকাল ৩টায় শিবরামপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সাময়িকভাবে ঘর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেন।
অন্যদিকে অভিযুক্ত মো. রাসেল ইসলাম, খাদেমুল ইসলাম, ফরহাদ ইসলাম, সামিউল ইসলাম ও সাদেকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এখানে আমাদের পূর্ব থেকেই বসতঘর ছিল। ঘরটি পুরোনো হয়ে যাওয়ায় সেটি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমরা কোনো রেকর্ডীয় রাস্তা দখল করে ঘর নির্মাণ করছি না। এটি আমাদের পৈতৃক সম্পত্তি।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।