
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সাদুল্যাপাড়া নদীর তীরবর্তী মাঠ প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাদুল্যাপাড়া এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীরগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য বিয়েল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।
প্রধান অতিথির বক্তব্যে ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়াকে বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তির এই যুগে আমাদের নতুন প্রজন্ম ধীরে ধীরে গ্রামীণ খেলাধুলা ও লোকজ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তাই এমন আয়োজন তাদের শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।”
তিনি আরও বলেন, “সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলাকার মানুষকে একত্রিত করে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খানসামা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। তিনি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত রূপালী ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শামসুল আলম, সমাজসেবক মো. নূর আলম সিদ্দিক এবং মো. আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :