
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন অ্যান্ড ক্লিন বীরগঞ্জ’ কর্মসূচির আওতায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন বলেন, “পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা গড়ে তুলতে হবে।
‘গ্রিন অ্যান্ড ক্লিন বীরগঞ্জ’ কর্মসূচি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, এটি একটি সচেতনতামূলক সামাজিক আন্দোলন। আমরা যদি নিজের ঘর, বিদ্যালয় এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলি, তাহলে পুরো বীরগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা নিজেরা পরিচ্ছন্ন থাকবে, অন্যদেরও পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করবে। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলবে, বেশি বেশি গাছ লাগাবে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তুলতে পারব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির ম্যানেজার রবার্ট কমল সরকার। তিনি বলেন,পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীরাই সবচেয়ে কার্যকর পরিবর্তনের দূত। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা প্রয়োজন। কর্মসূচিতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা, পরিবেশ রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. সায়েম সহ আরো অনেকে।
এ সময় বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :