
বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বানিয়াপাড়া গ্রামে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৈধভাবে সৌদি আরবে পাঠানোর আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ এনে অর্থ ফেরত না পেয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
ভুক্তভোগী প্রতিবন্ধী মো. হানিফ অভিযোগ করেন, একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন ২০২১ সালে তার ছোট বোন জান্নাতুনের স্বামী মো. লিপনকে বৈধভাবে সৌদি আরব পাঠানোর আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা নেন। ওই টাকা সংগ্রহ করতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাশাপাশি সুদে ধার করতে হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করা হয়।
হানিফের দাবি, টাকা নেওয়ার পরও তার বোনজামাইকে বিদেশে পাঠানো হয়নি এবং দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু তাদের পরিবারের কাছ থেকেই নয়, একই এলাকার বদিউলের ছেলে আব্দুল সালাম স্বাধীনের কাছ থেকেও বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নিয়েছেন আমজাদ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকেলে টাকা ফেরতের আশায় হানিফের পরিবারের সদস্যরা আমজাদের বাড়িতে যান। সেখানে আমজাদকে না পেয়ে তার একটি গাভি ও দুটি বাছুর নিয়ে আসেন বলে জানান তারা। তাদের দাবি, টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়ায় বাধ্য হয়ে তারা এ পদক্ষেপ নিয়েছেন।
অন্যদিকে, আমজাদ হোসেনের ভাই বুলবুল হোসেন অভিযোগ করেন, হানিফের পরিবারের লোকজন তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গবাদিপশু লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিষয়টি নিয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও সংবাদ লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে উভয় পক্ষ আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :