Sabuj Bangla News বীরগঞ্জে আলুগাছে ধরেছে টমেটোও - Sabuj Bangla News

বীরগঞ্জে আলুগাছে ধরেছে টমেটোও


নিউজ ডেস্ক এপ্রিল ৬, ২০২৬, ২:২৭ অপরাহ্ন
বীরগঞ্জে আলুগাছে ধরেছে টমেটোও
উত্তম শর্মা,নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
একই গাছে মাটির নিচে ফলেছে আলু আর ডালে থোকায় থোকায় ঝুলছে লাল-সবুজ-­হলুদ টসটসে টমেটো। গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করে একই গাছে দুধরনের সবজি চাষে সফলতা অর্জন করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড বসুন্ধরা এলাকার  রনজিৎ চন্দ্র কীর্তনীয়া।
গ্রাফটিং পদ্ধতি উদ্ভাবন করে চাষাবাদ করেছে। আলুগাছে ধরেছে টমেটো। গাছে ট্রায়াল দিয়ে এই চাষ করে হয়েছেন সফল। গ্রাফটিং পদ্ধতিতে একই গাছে দুই সবজি চাষের নাম দিয়েছেন সাইব্রিড প্লান্ট ।
যদিও ছাদ বাগানে টবে সাইব্রিড প্লান্ট পোমাটো উৎপাদনের  মূল কারিগর রনজিৎ চন্দ্র কীর্তনীয়া । ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট  ডিগ্রী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের  সহকারী অধ্যাপক  তিনি। ছোটবেলা থেকেই কৃষি সংক্রান্ত বিষয়গুলোতে আগ্রহ ছিল রনজিৎ চন্দ্র কীর্তনীয়ার
 । পরে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন । সে সময় এ ধরনের চাষাবাদ পদ্ধতি নিয়ে ব্যবহারিক ক্লাস করান শিক্ষকরা।ভার্সিটি শেষ করে উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেন তিনি।
 বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড বসুন্ধরা এলাকার নিজ বাড়ির ছাদ বাগানে টবে  গড়ে তোলেন  সাইব্রিড প্লান্ট পোমাটো উৎপাদন।
 কাজের ফাঁকে ফাঁকে নিজের ছাদ বাগানে নতুন নতুন চাষাবাদ পদ্ধতি নিয়ে পরীক্ষামূলক কাজ করা শুরু করেন। এর মধ্যে ‘পোমাটো’ উৎপাদন অন্যতম। এ ছাড়া বর্ষা মৌসুমে বেগুন গাছেও গ্রাফটিং করে টমেটো চাষ করেছিলেন তিনি।
রনজিৎ চন্দ্র কীর্তনীয়া বলেন,দুটি ভিন্ন প্রজাতির ভুক্ত উদ্ভিদের  প্রোটোপ্লাস্টের মিলনের যে নতুন উদ্ভিদ উৎপাদিত হয় তাকে সাইব্রিড প্লান্ট বলে। এটি টিস্যু কালচার প্রযুক্তির একটি উদ্ভাবন পদ্ধতি। এখানে আমি টমেটো গাছের সাথে আলু গাছের গ্রাফটিং করে  পোমেটো উৎপাদন করেছি। একই গাছের মাটির নিচে হবে আলু ও উপরে হবে টমেটো। এ  উদ্ভিদের জেনেটিক ভ্যারাইটি তৈরি হলে কৃষক বেশি লাভবান হবে।
রনজিৎ চন্দ্র কীর্তনীয়া  আরও বলেন, খরচ কম হলেও ফলন বেশ ভালো হয়েছে। তা ছাড়া দিন দিন দেশে চাষযোগ্য জমির পরিমাণ কমছে। তাই একই গাছে একাধিক ফসল হলে সুবিধা। এই পদ্ধতিতে পরিচর্যাতেও কোনো বাড়তি ঝামেলা নেই। একই জৈবসার ব্যবহার করায় এ পদ্ধতি কৃষকের জন্য লাভজনক।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা    শরিফুল ইসলাম বলেন, একই গাছে আলু ও টমেটো উৎপাদনের এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ আধুনিক কৃষির একটি চমৎকার উদাহরণ। গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে ‘পোমাটো’ চাষ শুধু নতুনত্বই নয়, এটি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, দেশে চাষযোগ্য জমি দিন দিন কমে আসছে—এ অবস্থায় একই গাছে একাধিক ফসল উৎপাদন কৃষকদের জন্য লাভজনক হতে পারে। এ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব।