Sabuj Bangla News দিনাজপুরে দিনব্যাপী ডিজিটাল মিডিয়া সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত - Sabuj Bangla News

দিনাজপুরে দিনব্যাপী ডিজিটাল মিডিয়া সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিউজ ডেস্ক নভেম্বর ২৪, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
দিনাজপুরে দিনব্যাপী ডিজিটাল মিডিয়া সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বৃদ্ধি, অনলাইনে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণ এবং গুজব ও ভুয়া তথ্য শনাক্তকরণে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী ডিজিটাল মিডিয়া সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) দিনাজপুরে ইএসডিও জেলা কার্যালয়ে ইউরোপীয় কমিশনের অর্থায়নে এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ইএসডিও-ফ্রিড প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার, অনলাইনে তথ্য যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ  মো. নূরনবী। তিনি তার বক্তব্যে বলেন,  ডিজিটাল মিডিয়া সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা জরুরি। অনলাইন নিরাপত্তা বজায় রাখা, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং দায়িত্বশীলভাবে তথ্য আদান-প্রদানে সবাইকে সচেতন হতে হবে।
তিনি প্রশিক্ষণার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি ব্যতিক্রমধর্মী এ প্রশিক্ষণের আয়োজন করায় ইএসডিও ও ফ্রিড প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও-ফ্রিড প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক, ট্রেনিং অফিসার চৌধুরী সউদ আল তায়েবী এবং বীরগঞ্জ উপজেলার সহকারী প্রশিক্ষক মৌরসি আক্তার।
প্রশিক্ষণে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে সচেতনতা, তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব এবং মতপ্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে সেটির উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।