
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. ফারুক হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার মাঝবোয়াল এলাকার মো. ফারুক হোসেনের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ জমিতে ফারুক হোসেন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছেন।
লিখিত অভিযোগে ফারুক হোসেন দাবি করেন, গত ২৮ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কার করতে যায়। অভিযুক্তরা বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে ফারুক হোসেনের পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার বাবা মো. রফিকুল ইসলাম, চাচা মালেক, চাচা আজিজ, স্ত্রী শাহিনা খাতুন, চাচি আরজিনা বেগম ও ছেলে সাদ্দামসহ কয়েকজন আহত হন।
অভিযোগকারী আরও দাবি করেন, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের দিনাজপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন লোকজনের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে প্রয়োজন অনুযায়ী দিনাজপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে বীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :