
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মিডিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণ এবং গুজব ও ভুয়া তথ্য শনাক্তকরণের লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী ডিজিটাল মিডিয়া সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ে ইউরোপীয় কমিশনের অর্থায়নে, বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় এবং ইএসডিও-ফ্রিড প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার, অনলাইনে তথ্য যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন, দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। ইন্টারনেটে কোনো তথ্য বা সংবাদ দেখামাত্র যাচাই না করে শেয়ার করা উচিত নয়। বিশেষ করে গুজব, অপতথ্য ও মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়া রোধে প্রত্যেককে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণ সমাজকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যতিক্রমধর্মী এ প্রশিক্ষণের আয়োজন করায় তিনি ইএসডিও ও ফ্রিড প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ কুমায়। তিনি প্রশিক্ষণার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্রোশিওর ও লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়া প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইএসডিও-ফ্রিড প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মোঃ আমিনুল হক, ট্রেনিং অফিসার চৌধুরী সউদ আল তায়েবী এবং বীরগঞ্জ উপজেলার সহকারী প্রশিক্ষক মৌরসি আক্তার।
প্রশিক্ষণে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে সচেতনতা, তথ্যের সত্যতা যাচাই, অনলাইন নিরাপত্তা এবং মতপ্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার নির্ভরযোগ্যতা যাচাই করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :