
উত্তম শর্মা, নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে দক্ষতা বাড়াতে বীরগঞ্জে ‘ডিজিটাল মিডিয়া সাক্ষরতা—জানি, বুঝি, অংশ নিই’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর)সকাল ৯ টায় বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, তরুণ-তরুণীদের অনলাইনভিত্তিক তথ্য ও সংবাদ যাচাই, গুজব ও অপতথ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে সচেতন করে তোলা।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য, সংবাদ ও মতামত দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় এবং যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বৃদ্ধি করা গেলে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।
সংশ্লিষ্টরা মনে করেন, ডিজিটাল মিডিয়া সম্পর্কে জানা, বোঝা এবং ইতিবাচকভাবে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করা সম্ভব।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী,মোঃ হাবিবুর রহমান,
দিনাজপুর ব্লাস্ট ইউনিটের জেলা প্রকল্প কর্মকর্তা প্রতিমা রানী রায়,ফ্রিট প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক, ট্রেনিং অফিসার আলতায়েবি, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান ও সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা বৃষ্টি রানী,কো-ট্রেইনার মৌরুসী আক্তার, ফ্রিট প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক জানান, দিনাজপুর জেলার তিনটি উপজেলা দিনাজপুর সদর, বীরগঞ্জ ও কাহারোলে এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। তিন উপজেলায় মোট এক হাজার তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণী।

তিনি আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে তথ্য যাচাইয়ের দক্ষতায় গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহারের কারণে নানা ধরনের গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ছে। তাই কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা যাচাই করার সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ডিজিটাল মিডিয়া সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগ করার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :