Sabuj Bangla News বীরগঞ্জে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি - Sabuj Bangla News

বীরগঞ্জে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি


নিউজ ডেস্ক মে ২, ২০২৬, ১২:০২ অপরাহ্ন
বীরগঞ্জে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণী গ্রামের বাসিন্দা মোঃ মমিন (৭০) ও তার স্ত্রী মোছাঃ হাসনা বানু (৬২) দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগে মানবেতর জীবনযাপন করছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫-৬ মাস ধরে মমিন জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছেন। ইতোমধ্যে একাধিকবার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। বর্তমানে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন।
অন্যদিকে, তার স্ত্রী হাসনা বানুও অসুস্থতায় ভুগছেন। চোখে ঝাপসা দেখেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তবুও অসুস্থ স্বামীর সেবাযত্নে নিরলসভাবে নিয়োজিত রয়েছেন তিনি। সংসারে উপার্জনের কোনো উৎস না থাকায় চরম আর্থিক সংকটে দিন কাটছে এই দম্পতির।
জানা গেছে, তাদের দুই মেয়ে থাকলেও বিয়ের পর নিজ নিজ সংসারে ব্যস্ত এবং আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় তারা বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারছেন না।
এমন দুর্দশার খবর পেয়ে ১ মে (শুক্রবার) দুপুরে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি। তিনি অসুস্থ মমিনের জন্য বসে ব্যবহারযোগ্য একটি বিশেষ চেয়ার প্রদান করেন এবং চিকিৎসা ব্যয়ের জন্য নগদ অর্থ সহায়তা দেন।
এ বিষয়ে ইফতি বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। মমিন চাচা ও হাসনা চাচির কষ্ট দেখে আমি ব্যথিত হয়েছি। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।”
স্থানীয় বাসিন্দা মাসুদ বলেন,
“ওনারা দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছেন। চিকিৎসার মতো সামর্থ্য নেই। আজকের এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।”
স্থানীয়দের মতে, সমাজের সচেতন ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মমিন ও হাসনা বানুর মতো অসহায় মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে।