
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ মডেল মসজিদে বিতর্কিত মতিউর রহমানকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বীরগঞ্জ বিজয় চত্বর মোড়ে ‘বীরগঞ্জের ইসলামপ্রিয় সচেতন মহল’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ই আগস্টে থানা মসজিদ হতে আওয়ামী দোসর হিসেবে পলায়ন করেন এবং তার বিরুদ্ধে উগ্র জঙ্গি সম্পৃক্ততা, বলাৎকার, বিভিন্ন মসজিদে ইমামতি করাকালীন মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহার সহ ইত্যাদি প্রসঙ্গে মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়টি বিবেচনায় না নিয়ে তাকে বীরগঞ্জ মডেল মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতি প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন থানা মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আজগর আলী মাস্টার, আলহাজ্ব মোজাম্মেল হোসেন, হাফেজ ক্বারী মাওলানা মোতাসেম বিল্লাহ, মহুগাঁও জামে মসজিদের ইমাম মাওঃ রবিউল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, নৈতিক চরিত্র ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন :