
উত্তম শর্মা, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে অফিসার্স ক্লাব হল রুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপ এর সহযোগিতায় নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ড
প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি ও কমিউনিটি স্কোরকার্ড ফলাফল বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ সেপ্টেম্বর)সকাল ১১ টায় ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল,১০ নম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় কার্যকর প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের জন্য যেসব সেবা দেওয়া হয়, সেসব সেবা সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি অবহিত করতে হবে। একই সঙ্গে সেবা গ্রহণের ক্ষেত্রে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, কমিউনিটি স্কোরকার্ডের মাধ্যমে সাধারণ জনগণের অভিজ্ঞতা ও মতামত জানা সম্ভব। এর ফলে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। জনগণের মতামতের ভিত্তিতে সেবার মান উন্নত করা গেলে সরকারি সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও প্রবেশগম্যতা আরও বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :