Sabuj Bangla News বীরগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, নিজেকে নির্দোষ দাবি ফজলার রহমানের - Sabuj Bangla News

বীরগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, নিজেকে নির্দোষ দাবি ফজলার রহমানের


নিউজ ডেস্ক মে ৫, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন
বীরগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, নিজেকে নির্দোষ দাবি ফজলার রহমানের

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাচারকারী চক্র’ সংক্রান্ত একটি সংবাদের সঙ্গে নিজের ছবি যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ ফজলার রহমান।

মঙ্গলবার (৫ মে) বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে দাবি করেন, একটি উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রচারণার মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
লিখিত বক্তব্যে ফজলার রহমান উল্লেখ করেন, রবিবার (৩ মে ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আদম পাচার ১৭ লাখ ২৫ হাজার টাকার প্রতারণা’ শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। ওই পোস্টে সংবাদ সম্মেলনকারীদের ছবি, অভিযুক্ত দুই ব্যক্তির ছবি এবং তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল ছবি একসঙ্গে ব্যবহার করা হয়, যা পরবর্তীতে তার নজরে আসে।
তিনি আরও জানান, আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলা নং CR-207/2026 (তারিখ: ২৭/০৪/২০২৬)-এ তাকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
ঘটনার দিন সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ২৪ এপ্রিল সকাল ৬টায় তিনি এক আত্মীয়ের সঙ্গে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন এবং সেখান থেকে নওগাঁ হয়ে রাত ৯টায় বীরগঞ্জে ফিরে আসেন। ফলে অভিযোগকৃত সময়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও তিনি দৃঢ়ভাবে দাবি করেন।
এছাড়া বাদী শাহনাজ পারভীনের সঙ্গে পূর্বপরিচয় থাকার কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি। ব্যক্তিগত সুনাম নষ্ট করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন ফজলার রহমান।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।