বীরগঞ্জে ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
নিউজ ডেস্ক
অগাস্ট ১৬, ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ২৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. তামজিদ আহমেদের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭১ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ১১ জন। এ ছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ৩৩ জন, ‘এ-মাইনাস’ ১২ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে দুজন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. ওবায়দুল হক, সাংবাদিক মো. নাজমুল ইসলাম (মিলন), মাধ্যমিক শাখার ইনচার্জ মো. সুরুজ্জামান ও প্রতিষ্ঠানের জিএম মো. রুবেল ইসলাম।
অধ্যক্ষ মো. তামজিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চললে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে। তিনি কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :