
উত্তম শর্মা বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগা গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডি এর আয়োজনে অফিস প্রাঙ্গনে বর্ণাঢ্য সংবধনা, অভিভাবক সমাবেশ এবং প্রকল্পের অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সরঞ্জাম, টিউবয়েল ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে)বিকাল চারটায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডির লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বড় সমস্যা। এটি একটি শিশুর স্বাভাবিক শৈশব, শিক্ষা এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। একটি মেয়ে যখন অল্প বয়সে বিয়ে হয়, তখন সে তার অধিকার থেকে বঞ্চিত হয় এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। আমরা সবাই যদি সচেতন হই এবং আমাদের সন্তানদের পড়াশোনার সুযোগ দেই, তাহলে এই সমস্যাটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। অভিভাবকদের কাছে আমার অনুরোধ—আপনারা সন্তানদের বোঝার চেষ্টা করুন, তাদের স্বপ্ন দেখতে দিন, তাদের মানুষ হিসেবে গড়ে তুলুন।
তিনি আরো বলেন মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। তাই আমাদের সবাইকে একসাথে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সতর্ক থাকতে হবে, যেন তাদের সন্তানরা খারাপ সঙ্গ বা নেশার দিকে না ঝুঁকে পড়ে। স্কুল, পরিবার এবং সমাজ—সবাইকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী মোছা:লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পি এফ বিকাশ চন্দ্র রায় সহ আরো অনেক।
বক্তারা শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ২৭৮ টি, স্বাস্থ্য সরঞ্জাম ২৭৮টি, টিউবয়েল ৪টি, ১৭ টি শিশুর এর মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :