Sabuj Bangla News মাদকবিরোধী বার্তা নিয়ে গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ - Sabuj Bangla News

মাদকবিরোধী বার্তা নিয়ে গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ


নিউজ ডেস্ক এপ্রিল ১৭, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
মাদকবিরোধী বার্তা নিয়ে গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

মোজাম্মেল হক,নিজস্ব প্রতিবেদক  :

“ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

খেলায় গোলাপগঞ্জ মহিলা প্রমিলা ফুটবল দল ২–১ গোলে দেবীগঞ্জ প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে আরও পাঁচ বছর বাঁচিয়ে রাখেন এবং আমি এমপি হিসেবে দায়িত্বে থাকি, তাহলে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের ঘুম হারাম করে ছাড়ব, ইনশাআল্লাহ।”
মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহসভাপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।