Sabuj Bangla News শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা: এমপি মনজুরুল ইসলাম - Sabuj Bangla News

শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা: এমপি মনজুরুল ইসলাম


নিউজ ডেস্ক এপ্রিল ১২, ২০২৬, ২:১১ অপরাহ্ন
শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা: এমপি মনজুরুল ইসলাম

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়; এ জন্য পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি বলেন, অভিভাবকদের আরও সচেতন হতে হবে, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং তাদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের জন্যও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা সবাই যদি সচেতন হই, তাহলে অবশ্যই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে বীরগঞ্জ উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিজ কার্যালয়ে উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সভাপতি মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু এবং বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস। এসময় আরও বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক আফাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।