Sabuj Bangla News বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা - Sabuj Bangla News

বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা


নিউজ ডেস্ক জানুয়ারী ১৫, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র ম্যানেজার রবার্ট কমল সরকার। আলোচনায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা করেন। পাশাপাশি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অংশীদারিত্ব ও একটি কার্যকর রোডম্যাপ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত সমাজ গড়া কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। শিশুদের নিরাপদ, সুস্থ ও শিক্ষাভিত্তিক ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সরকার ঘোষিত আইন ও নীতিমালা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বাল্যবিবাহ বা শিশুশ্রমের কোনো তথ্য পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিশুদের স্কুলমুখী করতে এবং পরিবারগুলোকে সচেতন করতে নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে।” “শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, এটি শিশুদের ভবিষ্যৎ ধ্বংসের অন্যতম কারণ। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) পবিত্র রায়, প্রোগ্রাম অফিসার বাপ্পি জয় ধর, ডরিস হাসদা, শ্যামলা শান্তি ও প্রোগ্রাম কর্মকর্তা সাধন দাস সহ জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।