
উত্তম শর্মা,নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. চাঁন মিয়া মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তিনি দলটির ‘হাত পাখা’ প্রতীকের প্রার্থী।
বুধবার (১৮ ডিসেম্বর) মনোনয়ন ফরম উত্তোলনের সময় তাঁর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ–কাহারোল উপজেলার সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও দলটি সম্মিলিতভাবে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. চাঁন মিয়া বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের ন্যায়বিচার, সততা ও ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দিনাজপুর–১ আসনের সাধারণ জনগণ আজ পরিবর্তন চায়। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘হাত পাখা’ প্রতীকের কোনো বিকল্প নেই।”তিনি আরও বলেন,
“আমি নির্বাচিত হলে বীরগঞ্জ ও কাহারোলের সার্বিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের পাশে থেকে তাদের দুঃখ–দুর্দশা লাঘবে নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।”
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :