Sabuj Bangla News বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Sabuj Bangla News

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক নভেম্বর ২৬, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান। এ সময় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের কৃষি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দুধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি এ খাত বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, উন্নত জাতের সম্প্রসারণ, নিয়মিত টিকাদান এবং পশুর রোগ প্রতিরোধে খামারিদের আরও সচেতন হতে হবে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি দপ্তরের পাশাপাশি খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নত চিকিৎসাসেবা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, প্রাণিসম্পদ খামারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।