Sabuj Bangla News বীরগঞ্জে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণা মামলা, অভিযুক্ত কারাগারে - Sabuj Bangla News

বীরগঞ্জে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণা মামলা, অভিযুক্ত কারাগারে


নিউজ ডেস্ক মে ১, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
বীরগঞ্জে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণা মামলা, অভিযুক্ত কারাগারে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলায় খাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার কবিরাজহাট এলাকার একটি হোটেল দোকানের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের স্বত্বাধিকারী মমিনুল ইসলাম বাদীহয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি সি আর নং ৫৭০/২৫, এবং এতে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাৎ) ও ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মামলার অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক খাইরুল ইসলাম বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা এবং মৃত তহিজউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল দোকানের জামানতের টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে এ নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে চলমান রয়েছে।