Sabuj Bangla News পৌর শহরের জনগণের চাহিদা অনুযায়ী বাজেট, দ্রুত শেষ করতে হবে উন্নয়ন কাজ-যানজট নিরসনে সঠিক পদক্ষেপের নির্দেশ এমপির - Sabuj Bangla News

পৌর শহরের জনগণের চাহিদা অনুযায়ী বাজেট, দ্রুত শেষ করতে হবে উন্নয়ন কাজ-যানজট নিরসনে সঠিক পদক্ষেপের নির্দেশ এমপির


নিউজ ডেস্ক এপ্রিল ২৪, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
পৌর শহরের জনগণের চাহিদা অনুযায়ী বাজেট, দ্রুত শেষ করতে হবে উন্নয়ন কাজ-যানজট নিরসনে সঠিক পদক্ষেপের নির্দেশ এমপির

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক দীপংকর বর্মনের সভাপতিত্বে এমপি মনজুরুল ইসলাম পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে আসন্ন বাজেট পরিকল্পনা ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাজেট প্রণয়নে জনগণের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

পৌর শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে এমপি মনজুরুল ইসলাম স্পষ্ট নির্দেশনা দেন। তিনি বলেন, যেখানে-সেখানে বাস দাঁড়ানো এবং রাস্তার দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট দ্রুত অপসারণ ও স্থানান্তর করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এমপি সেগুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস প্রদান করেন।