Sabuj Bangla News মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - Sabuj Bangla News

মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক মার্চ ১৭, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তম শর্মা, নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :

দিনাজপুরের খানসামা উপজেলার ঘাটপারের হাতেমের চাতালে মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির মো. ক্বারী আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। ইফতার মাহফিলের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। তরুণদের উদ্দেশ্যে তিনি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করা উচিত, যাতে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে। শেষে তিনি ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শরিফুল ইসলাম প্রধান, ফাউন্ডেশনের জেলা উপদেষ্টা মো. তৈয়বুর রহমান, মুফতি শামীম ইসলাম ও মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক। বক্তারা সমাজকল্যাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে মো. আমিনুল ইসলাম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়নমূলক কাজে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও সংগঠনটি ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।