Sabuj Bangla News দিনাজপুরে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ - Sabuj Bangla News

দিনাজপুরে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ


নিউজ ডেস্ক নভেম্বর ৮, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
দিনাজপুরে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে দক্ষতা বাড়াতে দিনাজপুরে ‘ডিজিটাল মিডিয়া সাক্ষরতা—জানি, বুঝি, অংশ নিই’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, তরুণ-তরুণীদের অনলাইনভিত্তিক তথ্য ও সংবাদ যাচাই, গুজব ও অপতথ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে সচেতন করে তোলা।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য, সংবাদ ও মতামত দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় এবং যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বৃদ্ধি করা গেলে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করেন, ডিজিটাল মিডিয়া সম্পর্কে জানা, বোঝা এবং ইতিবাচকভাবে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করা সম্ভব।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফ্রিট প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক, ট্রেনিং অফিসার আলতায়েবি, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান ও সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা বৃষ্টি রানী।

ফ্রিট প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মো. আমিনুল হক জানান, দিনাজপুর জেলার তিনটি উপজেলা দিনাজপুর সদর, বীরগঞ্জ ও কাহারোলে এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। তিন উপজেলায় মোট এক হাজার তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণী।

তিনি আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে তথ্য যাচাইয়ের দক্ষতায় গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।