Sabuj Bangla News বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা - Sabuj Bangla News

বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা


নিউজ ডেস্ক অক্টোবর ২৮, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার ভোলানাথপুর মৌজায় ৭৫ শতক জমির ধানক্ষেতে কে বা কারা রাসায়নিক আগাছানাশক প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন জমির মালিক মো. আনোয়ার হোসেন (৪২)। এতে তাঁর প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভোলানাথপুর মৌজার ২২১ নম্বর খতিয়ানের ৫২০ নম্বর দাগে ৭৫ শতক জমি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছে। জমিটি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে বলে দাবি তাঁর।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ১৯ অক্টোবর সকালে জমিতে গিয়ে তিনি ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগের বিষয়টি দেখতে পান। এতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাতের আঁধারে কে বা কারা ধানক্ষেতে বিষ প্রয়োগ করেছে, তা তিনি নিজে দেখেননি। জমি নিয়ে পূর্ববিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তাঁর সন্দেহ। এ ঘটনায় তাঁর প্রায় ৮০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ধানক্ষেতে কে বা কারা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে ক্ষেতের ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। কৃষকের কষ্টার্জিত ফসল এভাবে নষ্ট হয়ে থাকলে তা তাঁর আর্থিক ক্ষতির পাশাপাশি জীবিকার ওপরও প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।