Sabuj Bangla News দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু - Sabuj Bangla News

দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু


নিউজ ডেস্ক অক্টোবর ১০, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে রেজাউল ইসলামকে সভাপতি এবং হাসিনুর রহমান হাসু খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ৪ অক্টোবর জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি জানা যায়।

অনুমোদিত কমিটিতে আব্দুল করিমকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া আবু তাহের সিদ্দিকীসহ ১৪ জনকে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খানের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলামসহ ১৩ জন দায়িত্ব পালন করবেন।
কমিটিতে সেলিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক এবং বদরুল মুলক লেবুসহ ১৩ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান, জয়নাল আবেদীন ও ফিরোজ আলমসহ ২৭ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৮১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দিয়েছে।
নবগঠিত কমিটিকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নবগঠিত কমিটির নেতৃত্বে দিনাজপুর জেলায় তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়বে এবং দলীয় কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
৮১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।