Sabuj Bangla News বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা - Sabuj Bangla News

বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা


নিউজ ডেস্ক অগাস্ট ২৫, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশন থেকে আর্থিক এবং গোবাদী প্রাণী সহযোগিতা পেয়েছে এবং সফলতা অর্জন করেছে এমন ৫০ টি পরিবার,তাদের এলাকার অসচ্ছল পরিবারকে একটি করে ৫০ টি ছাগল, ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, নীলফামারী এরিয়ার সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এবং বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত রায় ও শিউলী আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. মনজুরুল ইসলাম বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে উপজেলা ঘোষণাপত্রে স্বাক্ষর এবং স্মারক ফলক উন্মোচন করা হয়।
পাশাপাশি অনুষ্ঠানে অসচ্ছল ৫০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বীরগঞ্জ উপজেলাকে শিশু সুরক্ষায় একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা এবং অসচ্ছল পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।