Sabuj Bangla News বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ - Sabuj Bangla News

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ


নিউজ ডেস্ক অগাস্ট ২৪, ২০২৬, ২:১১ অপরাহ্ন
বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

“বেশি করে গাছ লাগাই, জলবায়ুর ঝুঁকি কমাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জনসংগঠনভিত্তিক খাস জমি, খাস জলমহাল ও আবাসন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নিজপাড়া জনসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
নিজপাড়া জনসংগঠনের সভাপতি নরেন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনসংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাস জমি, খাস জলমহাল ও আবাসন প্রকল্পের আওতাধীন এলাকায় পরিকল্পিতভাবে সবুজায়ন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।