Sabuj Bangla News বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ, মাথায় গুরুতর জখম - Sabuj Bangla News

বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ, মাথায় গুরুতর জখম


নিউজ ডেস্ক জুলাই ১৬, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ, মাথায় গুরুতর জখম

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় বোনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাই ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহত রশিদা খাতুন (৪৭) বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, মৃত হাছেন আলীর সন্তানদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার (১১ জুলাই) রাতে পারিবারিক বণ্টননামা দলিল অনুযায়ী ৪৭৯ নম্বর দাগের ৭ শতক জমিতে হালচাষ করতে গেলে বড় বোন রশিদা খাতুনের সঙ্গে ছোট ভাই মিজানুর রহমান (৩৩), তাঁর স্ত্রী মৌসুমী, অপর ভাই মোজাম্মেল হক (৩৭) ও তাঁর স্ত্রী তাছলিমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, এ সময় মিজানুর রহমান, মোজাম্মেল হক, তাঁদের স্ত্রীসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রশিদা খাতুনের ওপর হামলা চালান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেদিন রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের দুলাভাই খলিলুর রহমান বলেন, “আমার শ্যালিকার ওপর নৃশংস হামলার পরও অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আহত রশিদার স্বামী লুৎফর রহমানও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
অভিযোগের বিষয়ে মোজাম্মেল হক বলেন, “আমাদের বাবা মৃত্যুর আগে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকা ঋণ রেখে গেছেন। সেই ঋণ পরিশোধ না করেই জমির বণ্টননামা করা হয়েছে। আমার বোনেরা চাইলে তাঁদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়া হবে। তবে বাবার রেখে যাওয়া ঋণের দায়ও সবাইকে বহন করতে হবে।”
মোজাম্মেল হকের মা মনোয়ারা বেগম বলেন, “পারিবারিকভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা হয়েছে। এখনও আমরা সমাধানের চেষ্টা করছি।”
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত প্রায় ১১টার দিকে জমিতে হালচাষকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রশিদা খাতুন গুরুতর আহত হন।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।