
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে আধুনিক স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কঠোর বার্তা দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বীরগঞ্জের বেসরকারি ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় এমপি মনজুরুল ইসলাম ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সময় থাকতে সবাই সতর্ক হয়ে যান। প্রয়োজন হলে একাধিক ক্লিনিক একত্রিত করে হলেও সঠিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, বীরগঞ্জকে একটি মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সেবার মান, চিকিৎসার স্বচ্ছতা এবং রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা আফরোজ লুনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বীরগঞ্জের স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :