Sabuj Bangla News BNP Network” ঘিরে তৃণমূল-কেন্দ্র সংযোগে জোর, মাঠে সক্রিয় বিএনপির বিজিএন - Sabuj Bangla News

BNP Network” ঘিরে তৃণমূল-কেন্দ্র সংযোগে জোর, মাঠে সক্রিয় বিএনপির বিজিএন


নিউজ ডেস্ক মার্চ ৩১, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
BNP Network” ঘিরে তৃণমূল-কেন্দ্র সংযোগে জোর, মাঠে সক্রিয় বিএনপির বিজিএন

নিজস্ব প্রতিবেদক,

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনসহ দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” কার্যকর ভূমিকা রাখছে।

দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্কটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা ও বার্তা দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে। সংশ্লিষ্টরা জানান, বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম—যার মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে সংগঠনের সঙ্গে কেন্দ্রের সরাসরি যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে।

নেটওয়ার্কটির নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁর তত্ত্বাবধানে এই প্ল্যাটফর্মটি কেন্দ্রীয় বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া, কর্মীদের সক্রিয় রাখা এবং রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করছে।

বিজিএনের অন্যতম প্রধান মাধ্যম “BNP Network” নামের কেন্দ্রীয় ফেসবুক পেজ। এর পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজ পরিচালিত হচ্ছে। দিনাজপুর-১ আসনের জন্য “BNP Network, Dinajpur-01” পেজটি ইতোমধ্যে স্থানীয় রাজনীতি ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে। এসব প্ল্যাটফর্মে দলীয় নীতিমালা, সমসাময়িক রাজনৈতিক অবস্থান এবং উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত তুলে ধরা হচ্ছে।

জানা গেছে, “BNP Network” কেন্দ্রীয় পেজে ইতোমধ্যে প্রায় ৩১ হাজার অনুসারী যুক্ত হয়েছেন, যা দিন দিন বাড়ছে। এতে করে অনলাইনভিত্তিক সংগঠন আরও শক্তিশালী হচ্ছে এবং তরুণ প্রজন্মের মধ্যে দলের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে।

দলীয় সূত্র মতে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্ক শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়। বরং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও এটি সক্রিয় ভূমিকা পালন করছে। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার প্রতিহত করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলে। বিশেষ করে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এলাকার মতো তৃণমূলভিত্তিক অঞ্চলে এই নেটওয়ার্ক দলীয় কার্যক্রমে নতুন গতি এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।