বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
উত্তম শর্মা, নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম সহ আরো অনেকে ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সরাসরি ও নিবিড়ভাবে কাজ করেন। ফলে গ্রাম আদালতের কার্যক্রমে তাদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে বিচার প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।
ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে নারী সদস্যরা গ্রাম আদালতের আইন, কার্যপ্রণালি ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন এবং নিজ নিজ এলাকায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :