Sabuj Bangla News খুলনায় তথ্যবাক্স স্থাপন: নাগরিকের গোপন তথ্যেই জোরদার হবে অপরাধ দমন - Sabuj Bangla News

খুলনায় তথ্যবাক্স স্থাপন: নাগরিকের গোপন তথ্যেই জোরদার হবে অপরাধ দমন


নিউজ ডেস্ক নভেম্বর ২১, ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
খুলনায় তথ্যবাক্স স্থাপন: নাগরিকের গোপন তথ্যেই জোরদার হবে অপরাধ দমন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি:

অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সাধারণ মানুষের কাছ থেকে দ্রুত ও গোপনীয়ভাবে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তথ্যবাক্স স্থাপন শুরু করেছে পুলিশ প্রশাসন। বাক্সগুলোতে লেখা রয়েছে— ‘নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন। চুপ না থেকে জানান। আপনার দেয়া তথ্যে বদলে যাবে শহর।’

বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অনেক মানুষ সরাসরি পুলিশের কাছে তথ্য দিতে দ্বিধায় থাকেন। সেই বাধা দূর করতেই গোপনীয় তথ্য সংগ্রহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘শুধুমাত্র পুলিশের ওপর নির্ভর করে পুরো নগরীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নাগরিকদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কার্যকর হয় না। অপরাধী, অপরাধস্থল বা অপরাধ-সংক্রান্ত যেকোনো তথ্য জানিয়ে জনগণই এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

পুলিশ জানায়, তথ্য প্রদানকারীর পরিচয় জানানোর প্রয়োজন নেই। শুধু প্রয়োজনীয় তথ্য লিখে বাক্সে ফেলে দিলে তা সংশ্লিষ্ট ইউনিট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়সহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেএমপি মনে করছে, এই উদ্যোগ নাগরিকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নগরীর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।