
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মিয়াজান আলী। বর্তমানে বাড়িতে মানুষজন না থাকায় বসতভিটা প্রায় জনশূন্য অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের দুল্লভপুর গ্রামের বাসিন্দা মিয়াজান আলীর দুই ছেলে—বড় ছেলে মোঃ আসাদুজ্জামান এবং ছোট ছেলে আশরাফুল হক। মিয়াজান আলীর মোট ২৬ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ জমি দুই ছেলের নামে লিখে দেন। এরপর থেকেই জমির মালিকানা ও পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বড় ছেলে আসাদুজ্জামান সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে বাড়ি ছেড়ে কবিরাজহাট এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে ছোট ছেলে আশরাফুল হক বৃদ্ধ বাবার দেখাশোনা করে আসছেন।
অভিযোগ রয়েছে, প্রায় ছয় মাস আগে বৃদ্ধ বাবার সম্পত্তিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই আসাদুজ্জামান ছোট ভাই আশরাফুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এ বিষয়ে আশরাফুল হক বলেন, “২০২৫ সালের ৮ নভেম্বর আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রী, বাবা ও প্রতিবন্ধী মেয়েকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ভর্তি ছিলেন। পরে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। নিরাপত্তাহীনতার কারণে গত পাঁচ মাস ধরে আমি শ্বশুরবাড়িতে অবস্থান করছি। আমি খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। আমি এই সমস্যার সুষ্ঠু সমাধান চাই।”
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি ২০২৬ সালের ৫ মে একটি মামলা দায়ের করেছেন এবং মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
অন্যদিকে, আসাদুজ্জামান বলেন, “আমার বাবাকে আমার কাছে নিয়ে আসার জন্য কয়েকবার আমার স্ত্রীকে পাঠিয়েছি, কিন্তু বাবা আসেননি। তিনি আমার সঙ্গে থাকেন না। তবে আমি এবং আমার ছেলে মাঝেমধ্যে বাবাকে টাকা পাঠাই।”
স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ বাবা মিয়াজান আলী। বিষয়টি দ্রুত মীমাংসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :