
উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা সরকারি যাকাত ফান্ড কর্তৃক আয়োজিত দুঃস্থ, অসহায়দের মাঝে যাকাত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, যা সমাজের ধনী-গরিবের বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সমাজের দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে যাকাত ফান্ডের মাধ্যমে প্রকৃত অসহায়দের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া একটি মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।
এসময় তিনি উপস্থিত সকলকে নিয়মিত যাকাত প্রদান এবং সমাজের দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :