Sabuj Bangla News বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - Sabuj Bangla News

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


নিউজ ডেস্ক নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ইম্পাওয়ার প্রকল্পের আওতায় ঝানজিরা সমাজকল্যাণ সংস্থার (জেএসকেএস) আয়োজনে উপজেলার মাকড়াই আদিবাসীপাড়া থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল, “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, বেঁচে ফেরা সাহসী মানুষদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।”
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝানজিরা সমাজকল্যাণ সংস্থার (জেএসকেএস) প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল আলম ও সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জুয়েল। এ ছাড়া আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন জোযপিনা মুর্মু ও মার্গেরিতা টুডু।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।