Sabuj Bangla News দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ, বিদ্যালয়ে কমছে শিক্ষার্থীদের উপস্থিতি - Sabuj Bangla News

দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ, বিদ্যালয়ে কমছে শিক্ষার্থীদের উপস্থিতি


নিউজ ডেস্ক নভেম্বর ২২, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ, বিদ্যালয়ে কমছে শিক্ষার্থীদের উপস্থিতি

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পাঁচ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু থাকা ‘স্কুল ফিডিং’ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীরা। কর্মসূচি চালু থাকাকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও এটি বন্ধ হওয়ার পর উপস্থিতির হার কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। এতে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ধরে রাখা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় এ কর্মসূচি চালু করা হয়। জেলার ৩৯টি ইউনিয়ন ও পৌরসভায় বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ছিল ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের প্রায় ৬৪ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী কর্মসূচির সুবিধা পেত।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহে চার দিন দুই পিস করে বনরুটি, তিন দিন একটি করে সিদ্ধ ডিম এবং এক দিন একটি করে কলা সরবরাহ করা হতো। পুষ্টিকর এসব খাবার শিশুদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের অনেক শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে গিয়ে পুষ্টিকর খাবার পাওয়ার বিষয়টি ছিল বাড়তি উৎসাহের কারণ। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসত। শিক্ষকদের মতে, স্কুল ফিডিং কর্মসূচি চালু থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক ছিল। পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমাতেও কর্মসূচিটি ইতিবাচক ভূমিকা রাখছিল।
এ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল স্থানীয় নারী উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। পাঁচ উপজেলায় ১৯২ জন নারী উদ্যোক্তা শিক্ষার্থীদের জন্য সিদ্ধ ডিম ও কলা সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। এর মাধ্যমে সংসারের কাজের পাশাপাশি তারা বাড়তি আয়ের সুযোগ পেয়েছিলেন। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, একজন নারী উদ্যোক্তা সপ্তাহে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারতেন। ফলে কর্মসূচিটি একদিকে যেমন শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করছিল, অন্যদিকে স্থানীয় নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনেও সহায়তা করছিল।
কিন্তু বর্তমানে কর্মসূচিটি বন্ধ থাকায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও নারী উদ্যোক্তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, সেসব পরিবারের শিশুরা বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, স্কুল ফিডিং কর্মসূচি চলাকালে যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বর্তমানে সেসব বিদ্যালয়ে তুলনামূলকভাবে কম শিক্ষার্থী উপস্থিত হচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বেঞ্চও অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। যদিও শিক্ষার্থী উপস্থিতি কমে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, তবে কর্মসূচি বন্ধ হওয়ার পর উপস্থিতির হার কমেছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল ফিডিং কর্মসূচি চালু থাকাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ ছিল বেশি। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা নির্ধারিত খাবার পাওয়ার আশায় নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতো। কিন্তু কর্মসূচি বন্ধ হওয়ার পর অনেক শিক্ষার্থীর উপস্থিতি আগের তুলনায় কমে গেছে। এতে পাঠদান কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।

বিদ্যালয়ের কয়েকজন
সহকারী শিক্ষক জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। তারপরও আগের মতো উপস্থিতি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তাদের মতে, শিশুদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকলে বিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহ বাড়ে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের ক্ষেত্রে এ কর্মসূচির গুরুত্ব ছিল অনেক বেশি।

শিক্ষকরা আরও মনে করেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা জরুরি। শুধু পাঠ্যবই ও শ্রেণিকক্ষের পাঠদানের মাধ্যমে নয়, শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। কারণ অপুষ্টি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পড়াশোনায় মনোযোগের ওপরও প্রভাব ফেলতে পারে।
এদিকে অভিভাবকদের অনেকের মতে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের পরিবারগুলোর পক্ষে সন্তানদের প্রতিদিন পুষ্টিকর খাবার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিদ্যালয়ে খাবার সরবরাহের কর্মসূচি চালু থাকলে শিশুরা অন্তত সপ্তাহের কয়েক দিন পুষ্টিকর খাবার পেত। পাশাপাশি বিদ্যালয়ে যাওয়ার প্রতিও তাদের আগ্রহ বাড়ত।

সংশ্লিষ্টদের মতে, স্কুল ফিডিং কর্মসূচি শুধু খাবার বিতরণের একটি প্রকল্প নয়; এটি শিশুদের পুষ্টি, প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ, নিয়মিত উপস্থিতি এবং ঝরে পড়া রোধে সহায়ক একটি উদ্যোগ। পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছিল।
এ অবস্থায় দিনাজপুরের পাঁচ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত স্কুল ফিডিং কর্মসূচি পুনরায় চালুর দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার মানোন্নয়নের কথা বিবেচনা করে স্কুল ফিডিং কর্মসূচি দ্রুত পুনরায় চালু করা হোক। এতে দরিদ্র পরিবারের শিশুরা উপকৃত হবে, বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।