
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার জন্য গোলবার প্রদান করেছে সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনসুর আলী, বিশিষ্ট সমাজসেবক মো. রজিবুল ইসলাম, মো. মুন্না খান, তপন কুমার রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সহ-সভাপতি দেবাশিস রায়, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মনির ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ক্লাবের সদস্যরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্যেই নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ক্রীড়ামূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তরুণদের মাঠমুখী করা, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রসার এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
গোলবার প্রদান প্রসঙ্গে ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।
তারা আরও বলেন, নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাব শুধু খেলাধুলার উন্নয়নেই নয়, এলাকার বিভিন্ন ভালো ও জনকল্যাণমূলক কাজেও ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও এলাকাবাসী ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :